শিক্ষকের মারধরে ১৬ ছাত্রী হাসপাতালে, চাঞ্চল্য রামপুরহাটে বেসরকারি স্কুলে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৮ জুলাই ২০২৫ শুক্রবার | আপডেট: ০৯:৫৪ এএম, ১৮ জুলাই ২০২৫ শুক্রবার
রামপুরহাট, বীরভূম: বীরভূম জেলার রামপুরহাট শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-আমিন ব্রিলিয়ান্ট একাডেমি’-তে শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অন্তত ১৬ জন ছাত্রী। অভিযুক্ত শিক্ষক খুরশেদ আলমকে ইতিমধ্যেই আটক করেছে রামপুরহাট থানার পুলিশ।জানা গেছে, বৃহস্পতিবার সকালে ক্লাস চলাকালীন আচমকাই শিক্ষক খুরশেদ আলম একাধিক ছাত্রীকে মারধর শুরু করেন। অভিযোগ, আগে থেকেই তার শিক্ষাদানের ধরন ও ব্যবহার নিয়ে ছাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল, এবং তা লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষকেও জানানো হয়েছিল। অভিযোগ, সেই ঘটনার প্রতিশোধ নিতেই শিক্ষকের এমন চরম প্রতিক্রিয়া।শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে একে একে অসুস্থ হয়ে পড়ে বহু ছাত্রী। তাদের তড়িঘড়ি ভর্তি করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন ছাত্রী আঘাতজনিত ট্রমার শিকার এবং চিকিৎসাধীন।অভিভাবকদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের অসদাচরণ সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ পূর্ব থেকেই অবগত থাকলেও, কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এই ঘটনা এড়ানো যেত বলেই তাঁদের দাবি। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।এদিকে জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, গোটা ঘটনার উপর বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। প্রশাসনের তরফে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে বিদ্যালয়ে নিরাপত্তা ও শিক্ষক-শিক্ষিকার আচরণ নিয়ে। এমন ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে।
