সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কবিতা - টিউবারকুলোসিস-এর চাঁদ ও আমি

আবদুল মালেক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৯ এএম, ৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

টিউবারকুলোসিস এর চাঁদ ও আমি
আবদুল মালেক

সুতি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত

 

টিউবারকুলোসিসের চাঁদের মত ক্ষয় হতে হতে

শীর্ণ শরীরে জাঁকিয়ে বসেছে শীত
কাঁপুনিটা থামছে না কিছুতেই

কল্পনার নকশি কাঁথাটা
বড় জীর্ণ হয়ে গেছে
ঈশান কোণেএকখণ্ড  কালো মেঘ ছেয়ে ফেলে
আমার মনের আকাশ
সমুদ্রমন্থনে নামি অমৃত তুলে আনবো বলে

আলকাপের গানের অস্থায়ী মঞ্চে
ঝাড়বাতি টা ঘুরে ঘুরে
পাহাড় বন নদীর ছায়া ছবি দেখায়
নির্বাসিত রাজা রানীর দুঃখের জীবন
চোখে অশ্রু ঝরায়

আমি রাজা হতে চাইনি কোনদিন
উদাসী বাউল এর মতো কাটাতে চেয়েছি জীবন পথে প্রান্তরে
যোগ বিয়োগের অংকটা শেখা হলো না আজও
ঠকে ঠকে ফিরি বারবার
বেওকুফ বলে গাল পারে বন্ধুরা

আমি তখন কুবেরের বিষয় আশয় ছেড়ে
কবিতার ফুলবনে নিজেকে হারাই
ঠিক মাঝ সমুদ্রে দিশাহীন নাবিক
যেমন শুকতারা খোঁজে।