সামসেরগঞ্জ কাপ টুর্নামেন্টে ক্রিকেট খেললেন সামির ভাই মহম্মদ কাইফ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩০ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৯:৩০ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সামসেরগঞ্জ কাপ টুর্নামেন্টে এসে ক্রিকেট খেললেন রাজস্থান রয়্যালসের ক্যাম্প বোলার প্রতীক কুমার এবং মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ। সোমবার জমজমাট আবহের মধ্য দিয়ে খেলা সম্পন্ন হয় পুঠিমারী ফিডার ক্যানেল ময়দানে। বীরভূম এবং মালদার মধ্যে এই খেলায় পাঁচ উইকেটে জয়লাভ করে মালদা টিম। আর এই খেলায় মালদা টিমের হয়ে খেলেন ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম সদস্য মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ। পাশাপাশি বীরভূমের হয়ে খেলেন রাজস্থান রয়্যালসের ক্যাম্প বোলার প্রতীক কুমার। এদিন খেলা দেখতে ভিড় জমান হাজার হাজার দর্শক। কার্যত টানটান উত্তেজনার আবহের মধ্যেই খেলা সম্পন্ন হয়। উল্লেখ করা যেতে পারে, অন্যান্য বছরের মতো এবছর ২৮ ডিসেম্বর থেকে বিধায়ক আমিরুল ইসলামের উদ্যোগে শুরু হয়েছে সামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলা এই ক্রিকেট টুর্নামেন্ট ৮ ই জানুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে সম্পন্ন হবে।
