বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৯ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ প্রায় আড়াই কোটি!

 

পুষ্প প্রভাত ডেস্ক, ১৩ আগস্ট: স্ত্রীকে ভালবাসার নিদর্শন হিসেবে অনেকেই দেন ফুল, চকোলেট কিংবা দামি উপহার। কিন্তু মধ্যপ্রদেশের বুরহানপুরের বাসিন্দা আনন্দ প্রকাশ চোকসের ভালোবাসার প্রকাশ একেবারেই অন্যরকম। স্ত্রীকে উপহার দিতে তিনি তৈরি করেছেন তাজমহলের আদলে একটি আস্ত বাড়ি। 

 

জানা গিয়েছে, ২০২১ সালে স্ত্রীকে ভালবাসা ও সম্মান জানানোর প্রতীক হিসেবে এই বাড়ি তৈরির উদ্যোগ নেন আনন্দ প্রকাশ। প্রায় তিন বছর ধরে কাজ চলার পর তৈরি হয় তাজমহল-সদৃশ এই বিলাসবহুল বাসভবন। বাড়িটিতে রয়েছে চারটি শয়নকক্ষ এবং আধুনিক জীবনের প্রয়োজনীয় নানা সুবিধা। 

 

আসল তাজমহলের মতো এই বাড়িতেও ব্যবহার করা হয়েছে মাকরানা মার্বেল। রয়েছে বিশাল গম্বুজ, চারটি মিনার, একাধিক খিলান, জালি ও কারুকাজ করা দরজা। বাড়িটির ছাদের উচ্চতা প্রায় ২৪ ফুট। আসল তাজমহলের নকশা ও মাপের আদল বজায় রেখেই তৈরি করা হয়েছে এই বাড়ি, যদিও আকারে এটি মূল স্মৃতিসৌধের প্রায় এক-তৃতীয়াংশ। 

 

এই বাড়ি তৈরিতে ইনদওর ও পশ্চিমবঙ্গের কারিগরদেরও কাজে লাগানো হয়েছে। সম্প্রতি আনন্দ প্রকাশের ছেলে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে বাড়িটির অন্দরমহল ঘুরিয়ে দেখান। ভিডিয়োটি সামনে আসতেই বিস্মিত নেটাগরিকেরা। 

 

প্রতিবেদন অনুযায়ী, এই তাজমহল-সদৃশ বাড়ি তৈরিতে আনুমানিক ২ থেকে ২.৫ কোটি টাকা খরচ হয়েছে। অন্যদিকে, ইতিহাস অনুযায়ী, সম্রাট শাহজাহান ১৬৫৩ সালে তাজমহল নির্মাণ সম্পূর্ণ করেছিলেন। সে সময় আনুমানিক ৩ কোটি ২০ লক্ষ টাকা খরচ হয়েছিল বলে উল্লেখ করা হয়, যা বর্তমান মূল্যে প্রায় ২ লক্ষ কোটি টাকার সমান বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 

 

স্ত্রীর প্রতি ভালবাসার এমন অভিনব নিদর্শন এখন কার্যত এলাকায় এবং সমাজমাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে। শাহজাহান মমতাজের স্মৃতিতে তাজমহল বানিয়েছিলেন, আর আনন্দ প্রকাশ জীবিত স্ত্রীকে ভালবাসার উপহার হিসেবে বানালেন নিজের ‘তাজমহল’।

 

#তাজমহল #তাজমহলসদৃশবাড়ি #আনন্দপ্রকাশচোকসে #ভালবাসারনিদর্শন #মধ্যপ্রদেশ #Burhanpur #TajMahal #LoveStory #ViralNews #পুষ্পপ্রভাত #পুষ্পপ্রভাতটিভি 