মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা

Altamas Kabir

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১১ পিএম, ৮ জুলাই ২০২৬ বুধবার | আপডেট: ০৯:১১ পিএম, ৮ জুলাই ২০২৬ বুধবার

কালীঘাটে তৃণমূলের কর্মসূচি ঘিরে উত্তেজনার আবহে ভিড় সামলাতে গিয়ে দলের এক কর্মীকে চড় মারতে দেখা গেল তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তৃণমূলের দাবি, আহত কর্মীদের দ্রুত হাসপাতালে পাঠানোর তাগিদেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি কর্মীদের শাসন করেছিলেন।

বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূলের মিছিলের অনুমতি ছিল। মিছিল চলাকালীন বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল। দলের দাবি, একাধিক নেতা-কর্মী আহত হন। তাঁদের চিকিৎসার জন্য কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে গাড়ির ব্যবস্থা করা হলে সেখানে হুড়োহুড়ি ও ভিড় তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, হ্যান্ডমাইক হাতে মমতা বারবার সকলকে সরে দাঁড়ানোর অনুরোধ করছেন। তিনি বলেন, “ভিড় কোরো না, সরে যাও, রাস্তা ছাড়ুন।” সেই সময় ভিড় নিয়ন্ত্রণে থাকা এক কর্মীকে তিনি চড় মারেন এবং আরও কয়েকজনকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা বা চাপড় দিতে দেখা যায়। তৃণমূলের দাবি, যাঁদের তিনি চড় বা চাপড় মেরেছেন, তাঁরা সকলেই দলের কর্মী এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ করেছিলেন তিনি।

পরে সমাজমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় মমতা অভিযোগ করেন, বিজেপির হামলায় তাঁদের বহু কর্মী আহত হয়েছেন। তাঁর দাবি, মহিলা কর্মীদেরও মারধর করা হয়েছে এবং পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। পাশাপাশি, দলের অভ্যন্তরীণ বিরোধ নিয়েও তিনি কড়া বার্তা দেন।

অন্যদিকে, তৃণমূলের অভিযোগ উড়িয়ে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মিছিল করতে কোনও বাধা নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনও ভিত্তি নেই। ঘটনাকে ঘিরে দুই পক্ষের রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।