নয়ডা বিক্ষোভে ‘মূলচক্রী’ গ্রেফতার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:০৯ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার | আপডেট: ০২:০৯ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার
নয়ডার শ্রমিক বিক্ষোভ ও হিংসার ঘটনায় অভিযুক্ত আদিত্য আনন্দকে শনিবার তিরুচিরাপল্লি রেলস্টেশন থেকে গ্রেফতার করে গৌতমবুদ্ধ নগর পুলিশের সঙ্গে স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। পুলিশের দাবি, শ্রমিকদের প্ররোচনা দিয়ে অশান্তি ছড়ানোর পিছনে মূল ভূমিকা ছিল তাঁর।
এই ঘটনায় Uttar Pradesh সরকার তাঁর মাথার দাম ১ লক্ষ টাকা ঘোষণা করেছিল। ফেজ়-২ থানায় তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের হয় এবং আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করে।
তদন্তে জানা গিয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনে বহিরাগতদের মিশে গিয়ে হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে। গত সপ্তাহে নয়ডার একাধিক এলাকায় প্রায় ৪৫ হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেন। ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রাস্তা অবরোধের জেরে জনজীবন বিপর্যস্ত হয়।
প্রশাসনের দাবি, পরিকল্পিতভাবে রাজ্যের পরিস্থিতি অস্থির করার চেষ্টা হয়েছিল। ঘটনায় এখনও তদন্ত চলছে, আরও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
