কেন্দ্রের ডিএ ৬০%, রাজ্যে ফারাক ৩৮%
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার | আপডেট: ০৬:৫৩ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও ২ শতাংশ বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে ডিএ-র হার ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশে পৌঁছল। নতুন এই হার ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ২২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। চলতি বছরে রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করলেও কেন্দ্রের সঙ্গে ফারাক ছিল ৩৬ শতাংশ। কেন্দ্রের নতুন সিদ্ধান্তে সেই ব্যবধান বেড়ে দাঁড়াল ৩৮ শতাংশে।
অন্যদিকে, অষ্টম পে কমিশনের দাবিও জোরদার হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে। দাবি অনুযায়ী বেতন কাঠামোয় পরিবর্তন হলে প্রাথমিক বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৬৯ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এই দাবির মধ্যেই ডিএ বৃদ্ধির ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন ও আইনি লড়াই চলছে। রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তবু সম্পূর্ণ কেন্দ্রীয় হারে ডিএ না মেলায় কর্মীদের ক্ষোভ এখনও বজায় রয়েছে।
