শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬   চৈত্র ২৬ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে কড়া নজর প্রশাসনের

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার | আপডেট: ০৯:২৫ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

মালদায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে কড়া নজর প্রশাসনের, জোরদার নজরদারি ও সচেতনতা কর্মসূচি

 

এম আনওয়ার উল হক

মালদা, ৮ এপ্রিল

 

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন–২০২৬-কে সামনে রেখে মালদা জেলা প্রশাসন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় কোনও ধরনের হস্তক্ষেপ বা বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ছাপ্পা ভোট, বুথ জ্যামিং বা সোর্স জ্যামিংয়ের মতো ঘটনা রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যেই জেলার ১২টি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং যাচাই-বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের তালিকাও প্রকাশিত হয়েছে।

 

প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ভিন্ন ভিন্ন। হরিশ্চন্দ্রপুরে ১২ জন, গাজোলে ১৫ জন, চাঁচলে ১৪ জন, রতুয়ায় ১৪ জন, সুজাপুরে ১৪ জন এবং বৈষ্ণবনগরে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। মানিকচক ব্লকে লোকনাট্য ‘ডোমনি’-র মাধ্যমে ভোটার সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ভোটাধিকার ও গণতান্ত্রিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

 

অন্যদিকে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে জেলায় নিয়মিত রুট মার্চ চলছে। পাশাপাশি ফ্লাইং স্কোয়াড টিম (FST) এবং স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম (SST) দিনরাত কাজ করে যাচ্ছে।

 

জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই বিপুল পরিমাণ নগদ টাকা, মদ এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় ৩১ লক্ষ টাকার বেশি। এছাড়া ৬৯ হাজার লিটারেরও বেশি মদ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, যার আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি।

 

এছাড়াও, অননুমোদিত রাজনৈতিক প্রচার বন্ধ করতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। সরকারি ও বেসরকারি সম্পত্তি থেকে অবৈধ পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখন অপসারণের কাজ জোরকদমে চলছে। ইতিমধ্যেই প্রায় ২৩,৯২৪টি এমন প্রচার সামগ্রী সরানো হয়েছে।

 

জেলা প্রশাসনের স্পষ্ট বার্তা, নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভয়মুক্ত পরিবেশে—এবং সেই লক্ষ্যেই প্রতিটি স্তরে নজরদারি জোরদার করা হয়েছে।