শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মধ্যপ্রদেশের মন্দিরে কলসযাত্রায় পদপিষ্ট

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ভিড়ের হুড়োহুড়িতে মৃত্যু বৃদ্ধার, আহত অন্তত ৬

মধ্যপ্রদেশের গ্বালিয়র জেলার ডাবরা শহরে এক মন্দিরে পুজো উপলক্ষে আয়োজিত কলসযাত্রায় ভয়াবহ হুড়োহুড়ির ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে নবগড় মন্দিরে এই অনুষ্ঠানের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধার। আহত হয়েছেন আরও অন্তত ছ’জন ভক্ত, যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এ বছরেও কলসযাত্রাকে ঘিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই ডাবরা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ভিড় ক্রমশ বাড়তে থাকে। ভিড়ের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা ভক্ত।

প্রশাসনের দাবি, ‘পবিত্র পাত্র’ বিলিকে কেন্দ্র করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একসঙ্গে বহু পুণ্যার্থী এগিয়ে আসতেই ঠেলাঠেলি শুরু হয়। সেই ধাক্কাধাক্কির মধ্যেই এক বৃদ্ধা পড়ে যান। ভিড়ের চাপে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।

গ্বালিয়র রেঞ্জের আইজি অরবিন্দ সাক্সেনা জানিয়েছেন, দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে তাঁর দাবি। পরে পরিস্থিতি শান্ত হলে আবার কলসযাত্রা শুরু হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতি বছর বিপুল ভিড় হওয়ার কথা জানা থাকা সত্ত্বেও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। মন্দির কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি ছিল না।

ঘটনাটি ঘিরে প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্তের দাবি উঠতে শুরু করেছে।