বৈষ্ণবনগরে শুরু হাই-মাদ্রাসা পরীক্ষা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বৈষ্ণবনগরে শুরু হাই-মাদ্রাসা পরীক্ষা
মাধ্যমিকের পাশাপাশি আজ থেকে শুরু হলো ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ—২০২৬ সালের হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা। সারা রাজ্যের সঙ্গে মালদা জেলার বৈষ্ণবনগরের মাদ্রাসাগুলিতেও এদিন পরীক্ষার সূচনা হয়। পরীক্ষা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিনেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
হাই-মাদ্রাসা স্তরে এদিন বাংলা, উর্দু ও ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে আলিম ও ফাজিল স্তরে প্রথম ভাষা হিসেবে বাংলা ও উর্দু পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সতর্কতা ও সচেতনতা চোখে পড়ে।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৈষ্ণবনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে মাদ্রাসা চত্বরে প্রবেশ করানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রেই জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি।
এ বছর মালদা জেলার বৈষ্ণবনগরের শিমুলতলা হাই মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্র পড়েছে পারদেওনাপুর হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রশাসনিক ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।
