আকন্দবাড়িয়া গয়েশ্বরী প্যারীভুবন
সীমান্তে জোনাল স্পোর্টস মিট
পুষ্প প্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত জনপদের অন্যতম স্বনামধন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আকন্দবাড়িয়া গয়েশ্বরী প্যারীভুবন বিদ্যামন্দিরে অত্যন্ত সাড়ম্বরে শুরু হল জোনাল স্পোর্টস মিট। বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবার সীমান্ত এলাকার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি জোনাল স্তরের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক হওয়ার গৌরব অর্জন করল।
এদিন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক চন্দনা সরকার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি স্পোর্টস মিটের সূচনা করেন এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। গ্রামীণ প্রতিভা বিকাশে বিদ্যালয়ের এই উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
এই জোনাল স্পোর্টস মিটে সংশ্লিষ্ট জোনের অন্তর্গত মোট ১৭টি স্কুল অংশগ্রহণ করেছে। প্রতিটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীরাই এই জোনাল পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ফলে সকাল থেকেই মাঠে মেধা ও শারীরিক সক্ষমতার তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যায়।
তবে প্রতিযোগীর সংখ্যা বেশি এবং ইভেন্টের তালিকা দীর্ঘ হওয়ায় একদিনে খেলা সম্পন্ন করা সম্ভব হয়নি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার বাকি অংশ আগামীকালও চলবে।
সীমান্তবর্তী এই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যালয়ের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের আয়োজন প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে কৃতি অ্যাথলিটরা।
অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। দু’দিনব্যাপী এই ক্রীড়া উৎসবকে ঘিরে এখন গোটা এলাকায় উৎসবের আবহ।
