হঠাৎ বিশ্বকাপে স্কটল্যান্ড
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:১২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
প্রতিযোগিতা শুরুর মাত্র দু’সপ্তাহ আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ডাক পেয়ে কার্যত দিশেহারা স্কটল্যান্ড ক্রিকেট। বাংলাদেশের পরিবর্ত হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানার পর থেকেই ব্যস্ততা বেড়েছে ক্রিকেট স্কটল্যান্ডের অন্দরমহলে। না আছে নির্দিষ্ট স্পনসর, না তৈরি হয়েছে বিশ্বকাপের জন্য আলাদা জার্সি। সীমিত পরিসরের সংস্থা হওয়ায় এত অল্প সময়ে সব ব্যবস্থা করা নিয়ে দুশ্চিন্তায় কর্তারা।
ক্রিকেট স্কটল্যান্ডের চিফ এগ্জ়িকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড জানিয়েছেন, বিশ্বকাপ খেলার পরিকল্পনাই ছিল না তাঁদের। তাই স্পনসর ও জার্সি—কোনও প্রস্তুতিই আগেভাগে করা হয়নি। তাঁর কথায়, নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন জার্সি তৈরি সম্ভব না হলে, সারা বছর ব্যবহৃত জার্সিতেই বিশ্বকাপে নামতে হতে পারে ক্রিকেটারদের। স্পনসর পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
বিশ্বকাপে স্কটল্যান্ড নতুন দল নয়। এই নিয়ে সপ্তমবার তারা বিশ্বকাপে খেলতে নামছে। তবু এই অংশগ্রহণ ব্যতিক্রমী পরিস্থিতির ফল বলে জানিয়েছেন লিন্ডব্লেড। তাঁর মতে, নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার বাইরে এ ভাবে সুযোগ পাওয়া কখনওই কাম্য নয়। বাংলাদেশের ক্রিকেটারদের পরিস্থিতি নিয়ে সহানুভূতিও প্রকাশ করেছেন তিনি।
