সহজ কৌশলে কীভাবে খুদের খাদ্যাভ্যাসে বদল আনবেন।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:০৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
খাবার টেবিলে খুদের সঙ্গে যুদ্ধ নয়, বরং সহজ কৌশলেই তার খাদ্যাভ্যাসে বদল আনা সম্ভব—এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। পুষ্টিকর খাবার দেখলেই অনেক শিশু নাক সিঁটকায় বা থালা দেখেই মুখ ফিরিয়ে নেয়। এর ফলে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হয়, কমতে থাকে ওজন, আর চিন্তায় পড়েন বাবা–মা। সেই উদ্বেগ থেকেই শুরু হয় খাবার নিয়ে জোরাজুরি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশেষজ্ঞদের মতে, দুই থেকে সাত বছর বয়সে শিশুর নিজস্ব মতামত গড়ে ওঠে এবং এই সময় খাবার নিয়েও তারা নিজের পছন্দ জাহির করতে চায়। তাই জোর না করে বুঝিয়ে খাদ্যাভ্যাস তৈরি করাই সবচেয়ে কার্যকর। সন্তানের জন্য আলাদা করে খাবার না বানিয়ে পরিবারের সকলের সঙ্গে একই খাবার খেতে দেওয়া উচিত। একা না বসিয়ে সবাই মিলে টেবিলে খাওয়ালে শিশুর আগ্রহ বাড়ে। বাবা–মা নিজেরাও যে সবজি বা খাবার শিশুকে দিচ্ছেন, তা খেলে খুদে উৎসাহ পায়। খেতে বসে খাবারের গুণাগুণ সহজ ভাষায় বোঝানো, স্বাস্থ্যকর খাবার সুস্বাদু করে রান্না করা এবং ছাঁচ বা সাজানো থালায় খাবার পরিবেশন করলে ধীরে ধীরে খাবারের প্রতি অনীহা কাটে। খাবার টেবিল চাপের জায়গা না হয়ে উঠলেই খুদের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
