গঙ্গা ভাঙন কবলিতদের স্বস্তি, রাস্তার শিল্যান্যাস
গৌতম অধিকারী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৭:১৮ পিএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার
গঙ্গা ভাঙন কবলিতদের স্বস্তি, নতুন বাসস্থানে পাকা রাস্তার শিল্যান্যাস
বৈষ্ণবনগর, ৫ জানুয়ারি:
গঙ্গা ভাঙনে ঘরবাড়ি হারানো বীরনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন বাসস্থানে যাওয়ার জন্য একটি পাকা রাস্তা। অবশেষে সেই দাবির বাস্তব রূপ মিলল। সোমবার সকালে বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার রাস্তার কাজের শিল্যান্যাস করেন।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় ১৭ মাইল এলাকায় এই রাস্তা নির্মাণের কাজ শুরু হচ্ছে। বর্তমানে ওই এলাকায় প্রায় ৯০টি গঙ্গা ভাঙন কবলিত পরিবার নিজেদের বাড়ি তৈরি করে বসবাস করছেন। এতদিন রাস্তার অভাবে যাতায়াত, স্কুল ও চিকিৎসার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছিল তাঁদের।
জানা গিয়েছে, প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ করা হবে। শিল্যান্যাস অনুষ্ঠানে বিধায়ক চন্দনা সরকার বলেন, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। তাঁরা আশা প্রকাশ করেছেন, দ্রুত কাজ শেষ হলে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হবে।
