শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফাইনালে ভরাডুবির পর রিভিউয়ে বিসিসিআই, টিম ম্যানেজমেন্টের ব্যাখ্যা তলব

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৪:০২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে লজ্জাজনক হারের পর বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্টে আয়ুষ মাত্রে নেতৃত্বাধীন দল দুর্দান্ত ফর্মে থাকলেও দুবাইয়ে ফাইনালে সম্পূর্ণ ব্যর্থ হয় তারা। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান তোলে। জবাবে ভারত ১৫৬ রানে অল আউট হয়ে যায়, ফলে ১৯১ রানের একতরফা হার মানতে হয়।

এই ফলের পরই বিসিসিআই রিভিউ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইন অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ফাইনালের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয় এবং টিম ম্যানেজমেন্টের কাছে ব্যাখ্যা চাওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছন সদস্যরা। টিম ম্যানেজার সলিল দাতারের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে। পাশাপাশি প্রধান কোচ হৃষিকেশ কানিটকার ও অধিনায়ক আয়ুষ মাত্রের সঙ্গেও আলাদা করে কথা বলতে চায় বোর্ড।

ম্যাচ চলাকালীন কিছু খেলোয়াড়ের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। ফাইনালে উত্তেজনার মুহূর্তে বৈভব সূর্যবংশী ও অধিনায়কের আচরণ ক্যামেরাবন্দি হওয়ায় সমালোচনা বাড়ে। সামনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থাকায় দুর্বলতা চিহ্নিত করে দ্রুত সংশোধনই এখন বিসিসিআইয়ের লক্ষ্য।