সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

‘এই বাংলাদেশকে চিনতে চাই না’, অশান্ত পরিস্থিতিতে ক্ষোভ মিঠুনের

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০১:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তপ্ত হয়ে ওঠা পার বাংলার পরিস্থিতি ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পী মহলেও বাড়ছে দুশ্চিন্তা। বাংলাদেশজুড়ে অশান্তির প্রভাব পড়ছে সাংস্কৃতিক জীবনেও।

এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে মিঠুন বলেন, বাংলাদেশের সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে থাকলেও বর্তমান পরিস্থিতি তাঁকে ব্যথিত করেছে। অভিনেতার কথায়, “বাংলাদেশের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। কিন্তু এই পরিস্থিতি খুবই দুঃখজনক। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। সব কিছুরই শেষ আছে। উপরওয়ালা সব দেখছে, এর মূল্য সবাইকেই দিতে হবে।”

শুধু মিঠুন নন, বাংলাদেশের অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেব, কোয়েল মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তীর মতো একাধিক তারকা। তৃণমূল সাংসদ দেব শান্তির বার্তা দিয়ে বলেছেন, যুদ্ধ বা সংঘর্ষ কখনওই কাম্য নয়। সকলেই শান্তিতে থাকুন—এই প্রার্থনাই করেছেন তিনি।

শহরে বড়দিনের আনন্দ ও একাধিক ছবির মুক্তির প্রস্তুতি চললেও, প্রতিবেশী দেশের অস্থিরতায় তারকাদের মন ভারী। সকলের কণ্ঠেই একটাই বার্তা—হিংসা নয়, শান্তিই একমাত্র পথ।