জন্মদিনে রোনাল্ডোর নজির ছুঁয়ে এমবাপে, সিউ উৎসবে মাতল বার্নাবেউ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার | আপডেট: ০২:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার
নিজের জন্মদিনে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে বিশেষ কীর্তি গড়লেন কিলিয়ান এমবাপে। লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে জেতালেন ফরাসি তারকা। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫ সালে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৫৯—যা রিয়ালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম মরসুমের রেকর্ডের সমান।
ম্যাচে রিয়ালকে সহজ জয় বলা যাবে না। প্রথমার্ধে জুড বেলিংহ্যামের গোলে এগোলেও সেভিয়া বেশ কিছু সময় চাপ তৈরি করেছিল। ৬৮ মিনিটে সেভিয়ার এক ফুটবলার লাল কার্ড দেখলে ম্যাচের রাশ ধীরে ধীরে রিয়ালের হাতে আসে। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন এমবাপে। গোলের পর রোনাল্ডোর বিখ্যাত ‘সিউ’ উদ্যাপন করে গ্যালারি মাতান তিনি।
রেকর্ড ছুঁলেও তুলনায় যেতে নারাজ এমবাপে। ম্যাচের পর তিনি জানান, রোনাল্ডো তাঁর আদর্শ এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। জন্মদিনে এমন কীর্তি গড়ে তিনি গর্বিত বলেই জানালেন।
