মঞ্চে বন্দুক উপহার, বাঁকড়ায় অস্বস্তিতে তৃণমূল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
হাওড়ার বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় অস্বস্তিকর ঘটনার সাক্ষী রইল ভরা মঞ্চ। সংবর্ধনা অনুষ্ঠানে এক স্থানীয় তৃণমূলকর্মী মঞ্চে উঠে গ্রামপ্রধান আখতার হোসেনের হাতে একটি রাইফেল তুলে দেন। প্রথমে হাসিমুখে সেই ‘উপহার’ গ্রহণ করলেও, ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে গ্রামপ্রধান দাবি করেন, সেটি খেলনা বন্দুক এবং এমন উপহার দেওয়া উচিত ছিল না। তিনি জানান, বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না এবং দলীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক কল্যাণ ঘোষ ও সভাপতি তাপস মাইতি বলেন, ঘটনার সময় তাঁরা মঞ্চে ছিলেন না, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিজেপির অভিযোগ, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে শাসকদল। ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোরে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব।
