স্ত্রীর দেহব্যবসায় রাজি না হওয়ায় ছুরি দিয়ে কোপ, মুর্শিদাবাদে
পুষ্প প্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার
মুর্শিদাবাদের ধুলিয়ান থানার অন্তর্গত পাহাড়গাছি গ্রামে এক মর্মান্তিক ঘটনায় স্ত্রীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, দেহব্যবসায় জড়াতে রাজি না হওয়াতেই স্ত্রীকে নৃশংসভাবে আক্রমণ করে অভিযুক্ত স্বামী আশিক মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে এই বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্ত্রীকে দেহব্যবসায় নামতে চাপ দিচ্ছিল স্বামী। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় প্রথমে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁদের সহযোগিতায় মহিলাকে দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ এবং অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
