তরুণের আধার ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪৪ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার
তরুণের আধার কার্ড ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ! বিডিও ও থানায় অভিযোগ
গৌতম অধিকারী , কালিয়াচক:
এ যেন বাস্তবের ভূতের গল্প! মাত্র ২০ বছরের এক তরুণের নামে প্রতি মাসে ঢুকছে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের টাকা! অথচ সরকারি নিয়ম বলছে, এই প্রকল্পের উপভোক্তা হতে পারবেন শুধুমাত্র ২৫ বছরের ঊর্ধ্বে মহিলারা।
ঘটনাটি প্রকাশ্যে আসে কালিয়াচক-১ ব্লকের যদুপুর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রামের বাসিন্দা আমানুর রহমানের মোবাইলে। স্ত্রীর ভাতার স্টেটাস দেখতে গিয়ে তিনি আবিষ্কার করেন, তাঁর ছেলের নামেও ভাতা চলেছে। তবে নামের বানানে সামান্য পার্থক্য এবং অ্যাকাউন্ট নম্বর ছিল ভিন্ন। কিন্তু মোবাইল নম্বর ও আধার নম্বর ছিল এক।
তদন্ত করে জানা যায়, ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে তাঁর ছেলের আধার নম্বর ও তাঁর মোবাইল নম্বর ব্যবহার করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা তোলা হচ্ছে। অথচ ছেলেটির বয়স তখন ছিল মাত্র ১৫ বছর।
অভিযোগকারী আমানুর রহমান বলেন, “কোনও অসাধু চক্র আমার ছেলের আধার কার্ড জাল করে ভুয়ো নামেই এই ভাতা নিচ্ছে। আমি ব্লক অফিস ও কালিয়াচক থানায় অভিযোগ করেছি।”
এ বিষয়ে মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
