বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে বি চৌধুরীর চিঠি

জাগরণ রিপোর্ট  

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:০৪ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।  অন্যদিকে সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব  মেজর (অব.) আবদুল মান্নান।

রাষ্ট্রপতির কাছে বি চৌধুরীর চিঠি বঙ্গভবনে সকাল ১০টায় এবং পরে সিইসির কাছে মেজর মান্নানের চিঠিটি নির্বাচন কমিশনে পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। 

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি চৌধুরী বলেন,  যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী। চিঠিতে তিনি আরো বলেন, সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন।  নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির আধীনে ন্যাস্ত।  সেই হিসাবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই। 

‘সময় সংক্ষিপ্ত’ বিষয়টি উল্লেখ করে চিঠিতে বি চৌধুরী আগামী ৭ নভেম্বরের মধ্যে আলোচনার সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।  

অন্যদিকে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব একটি প্রতিনিধি দল নিয়ে সিইসির সঙ্গে নির্বাচন ইস্যুতে আলোচনার জন্য ৯ নভেম্বরের মধ্যে সময় চেয়েছেন।  

জাহো/এফসি