সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বদলে গেল শাকিব খানের সিনেমার নাম

বিনোদন ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৩:২৩ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

আলোচিত পরিচালক শাহীন সুমন পরিচালিত নতুন সিনেমায় অভিনয় করছেন ঢালিউড তারকা শাকিব খান। শুরুতে সিনেমার নাম ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শোনা গেলেও নির্মাতা জানালেন সিনেমাটির নাম ঠিক করা হয়েছে ‘একটু প্রেম দরকার’।

শাহীন সুমন বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে আমার সিনেমার ভিন্ন ভিন্ন নাম প্রকাশ করা হয়েছে। সিনেমার নাম ‘কালপ্রিট’, না, ‘কমান্ডার’, না, ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’, না। আমার সিনেমার নাম হচ্ছে ‘একটু প্রেম দরকার’।

নির্মাতা শাহীন সুমন ও নায়ক শাকিব খান জুটির ২১তম সিনেমা এটি। এর আগে বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই ‍জুটি। ‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী।

গত সপ্তাহে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুচিস্মিতা মৃদুলা।

সবশেষ শাহীন সুমনের পরিচালনায় ২০১৫ সালে ‘লাভ ম্যারেজ’ সিনেমায় অভিনয় করেন শাকিব খান। শাহীন সুমনের পরিচালনায় শাকিব অভিনীত লাভ ম্যারেজ, নষ্ট, খোদার পরে মা, মনে বড় কষ্ট, একবুক জ্বালা, টাইগার নাম্বার ওয়ান, সন্তান আমার অহংকার সিনেমাগুলো উল্লেখযোগ্যে।​