সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিয়ের গুঞ্জনে যা বললেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৩:২১ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সঞ্জয় লীলা বানসালির রাম লীলা সিনেমায় অভিনয় করার সময় বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর তাদের প্রেম, বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। তবে এ বিষয়ে নিশ্চিত করে কোনো কথা বলেননি তারা।

চলতি বছরের জানুয়ারিতে এ জুটিকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়। শোনা যায়, দীপিকার জন্মদিনে বাগদান সেরেছেন এ জুটি। এরপর  গুঞ্জন ওঠে, নভেম্বরের ২০ তারিখে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-দীপিকা। ইতালির লেক কোমোতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন এই জুটি। এ সময় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রণবীর বলেন, ‘কখন? কোথায়? এটি তো আপনারা প্রতিদিনই খবরের কাগজে পড়েন। আমার শেরওয়ানির রঙ কী হবে, বিয়ের পরিকল্পনা, অতিথিরা কী উপহার দিবেন সবই তো ঠিকঠাক। সুতরাং আপনারা সবই জানেন। আমাদের উচ্ছ্বসিত মিডিয়ার বন্ধুরা কোনোভাবেই থামছেন না। কিন্তু যখন আসলেই কিছু হবে তখন আপনারা সবার আগে জানবেন।’ অন্যদিকে নভেম্বরের ২০ তারিখে বিয়ে প্রসঙ্গে দীপিকা বলেন, ‘নভেম্বরে অনেকবারই বিয়ে হয়েছে।’

অভিনয়ের দিক থেকে রণবীর সিং এখন ব্যস্ত সিম্বা সিনেমার শুটিং নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন সারা আলী খান। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন করন জোহর। আগামী ২৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এদিকে পদ্মাবত সিনেমার পর মেঘনা গুলজারের একটি সিনেমায় দেখা যাবে দীপিকাকে। এতে এসিডদগ্ধ লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করবেন দীপিকা।